অষ্ট্রগ্রামইটনাকটিয়াদীকরিমগঞ্জকুলিয়ারচরখেলাধুলাচাষবাসজাতীয়জীবনধারানিকলিপাকুন্দিয়াপ্রচ্ছদবাজিতপুরবিবিধভৈরবমতামতমিঠামাইনশিল্পসাহিত্যসদরসব উপজেলাহোসেনপুর

আইনের শাসন হবে নতুন সরকারের নীতি: তারেক রহমান

জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে এসে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বললেন, তার সরকারের মূল লক্ষ্য হবে আইনের শাসন নিশ্চিত করা৷

শনিবার বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুমে দেশি-বিদেশি সাংবাদিকদের সামনে এসে লিখিত বক্তব্য পড়েন তারেক রহমান৷ এ সময় তার সঙ্গে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নজরুল ইসলাম খানসহ দলের সিনিয়র নেতারা৷

লিখিত বক্তব্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান৷ তিনি বলেন, ‘‘জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন দুর্বলতা৷’’

তারেক রহমান বলেন, ‘‘শত প্রতিবন্ধকতা মোকাবিলা করে আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করেছি৷ ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু করতে হচ্ছে৷’’

নির্বাচনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দলকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘‘গণতান্ত্রিক রাষ্ট্র ও রাজনীতিতে রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের বাতিঘর৷ সরকার ও বিরোধী দল নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে৷ আমাদের পথ ও মত ভিন্ন থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে আমরা সবাই এক৷ জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা৷’’

দুই–তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ের পরও বিজয় উদ্‌যাপন বিএনপির সংযমী থাকার কথা তুলে ধরেন বিএনপির চেয়ারম্যান৷ নেতাকর্মীদের সতর্ক ও সংযমী থাকার আহ্বান জানান তিনি৷

বলেন, ‘‘শত উস্কানি সত্ত্বেও সারাদেশে বিএনপি নেতাকর্মীদের শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি৷’’

কোনোভাবে যেন দুর্বলের ওপর অত্যাচার করা না হয় তা নিশ্চিত করাই লক্ষ্য বলে জানালেন তিনি৷

তিনি বলেন, ‘‘দল-মত-ধর্ম-বর্ণ বা ভিন্নমত কোনো অজুহাতে কোনো দুর্বলের ওপর সবলের আক্রমণ আমরা মেনে নেব না৷’’

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি৷ নির্বাচনে তার জয়ে কোনো ইঞ্জিনিয়ারিং হয়েছে কি না এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘জনগণকে আমাদের পক্ষে আনাই আমাদের ইঞ্জিনিয়ারং৷’’

ভারত, পাকিস্তান ও চীনের সাংবাদিকরা বিএনপির পরবর্তী সরকারের দেশ পরিচালনার নীতি সম্পর্কে জানতে চান৷ জবাবে তারেক রহমান বলেন, তার সরকারের পররাষ্ট্র নীতিতে সবার আগে স্থান দেওয়া হবে বাংলাদেশের স্বার্থকে৷

তার সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে অর্থনৈতিক গতিশীলতা আনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা বলে জানান তারেক রহমান৷