বাজিতপুরে বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১০
ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জের বাজিতপুরে বিজয়ী প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবাল এবং পরাজিত প্রার্থী সৈয়দ এহসানুল হুদার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনার খবর পাওয়া গিয়েছে।
নির্বাচনের পরদিন গতকাল শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার হুমায়ুনপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
সূত্রে জানা যায়, গতকাল সকালে শেখ মজিবুর রহমানের অনুসারী হুমায়ুনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আ. রাশিদ ও সৈয়দ এহসানুল হুদার অনুসারী উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান কাইয়ুম খানের অনুসারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে একপর্যায়ে তা সংঘর্ষে রূপ লাভ করে।
উল্লেখ্য, কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেন শেখ মজিবুর রহমান। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন । তাঁর হাঁস প্রতীকের কাছে ১৩ হাজার ১৫৪ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী সৈয়দ এহসানুল হুদা।
বাজিতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল্লাহ বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আহতদের মধ্যে ৪জনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
